প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১৭:৪৮

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার অন্যান্য নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সাত আসামিকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিন। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
অন্যদিকে, ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন আদালত। আদালতের এই রায় ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো।
