পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। এরপর হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা চারটি পৃথক মামলায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌর শহরের বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছা. সাথী আক্তার (৪০), আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাকিল (২২), একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে মো. শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. আবু সাঈদ (২৩)।
ওসি মো. জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত চারজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।