রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী, মোহাম্মদপুর, মিরপুর ও তুরাগ থানায় পরিচালিত হয়। এর মধ্যে রমনা থানায় ২ জন, ধানমন্ডি থানায় ১০ জন, বংশাল থানায় ১ জন, খিলক্ষেত থানায় ২ জন, কদমতলী থানায় ১ জন, মোহাম্মদপুর থানায় ৮ জন, মিরপুর থানায় ১ জন এবং তুরাগ থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে রাজধানীর আটটি থানার অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিএমপি জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।