সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে ঘুড়কা এলাকার বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালিত হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ৮৫০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও আরও জোরদার করা হয়েছে।