খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়।
গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আলম মণ্ডল (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা প্রথমে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। আকস্মিক এই হামলায় মসজিদের মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।