চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে ১১ জন ব্যক্তিকে একত্রিত করে বিএসএফ। তাদের উদ্দেশ্য ছিল এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো।
ঘটনার খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও বিজিবির পাশে অবস্থান নেয়, ফলে সীমান্ত এলাকায় পরিস্থিতি আরও স্পষ্টভাবে নজরদারিতে আসে।
বিজিবির কঠোর অবস্থান এবং প্রতিরোধমূলক প্রস্তুতি দেখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। পরে জড়ো করা ১১ জন ব্যক্তিকে শূন্যরেখা এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় বিএসএফ।
স্থানীয়দের মতে, বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে সীমান্তে বড় ধরনের অনুপ্রবেশ ঘটনার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।