ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহুন্দি জাল, নোঙর ও মাছ ধরার নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকারের দায়ে এক জেলেকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার বিষখালী নদীর পালট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে মাছ ধরার সময় বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানে আটটি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১০টি নোঙর এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এসব জাল ও সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছিল বলে জানা গেছে।
অভিযান চলাকালে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুপারজোর এলাকার বাবুল নামের এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব।
তিনি বলেন, নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারের কারণে নদীর মাছ ও পোনা ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।