কুড়িগ্রামের উলিপুরে সাজেদা বেগম নামের এক নারীর বারবার তেঁতুল গাছে ওঠা এবং পরে পুকুরে ঝাঁপ দেওয়ার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে অস্বাভাবিক ও উদ্বেগজনক হিসেবে দেখছেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (৮ জুন) দুপুরে গোড়াই আনন্দবাজার এলাকায় বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে তাকে আবারও দেখা যায়। খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী সেখানে জড়ো হন এবং তাকে নিচে নামানোর চেষ্টা করেন।
তবে নামার পরিবর্তে তিনি হঠাৎ পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে তিনি পানি থেকে উঠে নিজে নিজেই চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিবারের সদস্যদের দাবি, সাজেদা বেগম এর আগেও একাধিকবার একই ধরনের আচরণ করেছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর একই তেঁতুল গাছের মগডাল থেকেই তাকে উদ্ধার করা হয়েছিল। সেবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়।
বারবার একই ধরনের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।