টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেঁচা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিপেঁচা গ্রামের বাসিন্দা আব্দুল আলিম ফকির (৫০) নিজের বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় গুলিপেঁচা ও ভুঞাপুর উপজেলার সীমান্তবর্তী জগৎপুরা গ্রামের মধ্যে পুরোনো বিরোধের জেরে জগৎপুরা গ্রামের কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, তাকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এরপরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এতে জগৎপুরা গ্রামের কালাম তালুকদার (৬৫) গুরুতর আহত হন। তাকে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একই দিন সন্ধ্যায় দুর্বৃত্তরা আব্দুল আলিম ফকির ও তার দুই ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।