পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সাভার চামড়া শিল্পনগরীতে জমে উঠেছে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম। গত তিন দিনে শিল্পনগরীতে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া প্রবেশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় চামড়া শিল্পনগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান এ তথ্য নিশ্চিত করেন।
বিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ৭১২টি ট্রাকে এসব চামড়া শিল্পনগরীতে পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল-ভেড়ার চামড়া রয়েছে ১৬ হাজার ১৩৬টি।
সরেজমিনে দেখা যায়, শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে সারাদিন ট্রাকভর্তি চামড়া আসছে। শ্রমিকরা চামড়া খালাস, লবণ প্রয়োগ করে সংরক্ষণ এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যস্ত সময় পার করছেন। শিল্পনগরীর প্রধান ফটক থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়কগুলোতেও চামড়া পরিবহনের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান জানান, ঈদের মৌসুমে অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।