প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৪৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রডবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, ট্রাকটির ওপরে রডের পাশাপাশি যাত্রীও বহন করা হচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পড়লে মুহূর্তেই ঘটে মর্মান্তিক এই প্রাণহানি।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকের নিচে চাপা পড়া যাত্রীদের বের করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছানোর পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং স্বজনদের খোঁজে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে।

এই দুর্ঘটনার পর আবারও মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন ও পণ্যবাহী যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি সামনে এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।