কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, একটি মাছ ধরার নৌকা এবং নয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সমুদ্রে চলাচলরত একটি সন্দেহভাজন মাছ ধরার নৌকা থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় নৌকাটিতে অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৫৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে এসব সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয় এবং এতে থাকা নয়জন ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের পাচারচক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্ট, নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ কোস্ট গার্ড আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদকপাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।