কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন এবং রনি।
রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আদালত এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। পুরো এলাকায় কিছু সময়ের জন্য চরম উত্তেজনা তৈরি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। মামলার কার্যক্রম শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরপরই আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।