কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম হামিদ হোসেন (১৯)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ গাড়িটিতে বিশেষ তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে সিএনজির ব্যাটারির নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পাচারের অভিযোগে চালক হামিদ হোসেনকে আটক করা হয় এবং পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।