ভারতে অবস্থানরত আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত পাওয়া আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে তিনি ভারতে অবস্থানরত তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে যান। এ সময় সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
ঘটনার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায় এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর বিএসএফ তাকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আইনগত প্রক্রিয়া শেষে রাতে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।