রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার লাগানো এবং নৌ-মিছিলের ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা ছিল “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, অন্ধকার পেরিয়ে আলোর অভিযাত্রা” এবং “১৭ই মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস”। এছাড়া “Bangladesh Rises Again” শিরোনামও ব্যবহার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের বিধ্বস্ত কার্যালয়, পৌরসভা এলাকা, উপজেলা পরিষদ সংলগ্ন স্থান এবং দৌলতদিয়া ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হচ্ছে। কয়েকজন যুবক মুখে মাস্ক পরে এই কার্যক্রমে অংশ নেয় বলে ভিডিওতে দেখা যায়।
এ ঘটনায় পৃথক দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এছাড়া ১৭ মে সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে একটি ট্রলারে যুবলীগ নেতাকর্মীরা শেখ হাসিনার পক্ষে নৌ-মিছিল করে বলে আরেকটি ভিডিওতে দেখা যায়। ওই ভিডিওতেও বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পোস্টার লাগানো ও নৌ-মিছিলের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশরাফ।