ফরিদপুর সদরে মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ এবং ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম এবং ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত ১৪ মে কোতোয়ালী থানার চর মাধবদীয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মাটি চাপা অবস্থায় জাহানারা বেগম (৩০) এবং তার পাঁচ বছর বয়সী কন্যা সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহানারা বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর কর্ণেশন এলাকার মোঃ আমজাদ শেখের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বজন মোঃ লালন মোল্লা কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে অগ্রগতি ঘটিয়ে পুলিশ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বকারটিলা এলাকা থেকে মোঃ উজ্জ্বল খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে উজ্জ্বল খান হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।