কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ এক বৃদ্ধাকে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা মোঃ আবু সাইদের স্ত্রী মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন বুধবার (৬ মে) সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি লম্বা তেঁতুল গাছের মগডালে ওই নারীকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি গাছের ওপর বিভিন্ন ভঙ্গিতে অবস্থান করছিলেন এবং মাঝে মাঝে কিছু খাচ্ছিলেন বলেও দেখা যায়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয়রা আরও জানান, তার ছেলে গাছে উঠতে চাইলে তিনি ডাল থেকে নিচে কিছু মিষ্টি ছুড়ে দেন। এতে ঘটনাটি আরও রহস্যময় রূপ নেয় এবং এলাকায় নানা আলোচনা শুরু হয়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে প্রথমদিকে ওই নারী উদ্ধারকারীদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকিও দেন বলে জানা গেছে।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা কৌশল অবলম্বন করে তাকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন। বর্তমানে তিনি পরিবারের কাছে রয়েছেন।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা মতামত দেখা গেছে। কেউ মানসিক বা শারীরিক সমস্যার কথা বলছেন, আবার কেউ এটিকে অলৌকিক ঘটনা বলেও মন্তব্য করছেন।