মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চারজন আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এদের মধ্যে একটি শিশুর অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।