ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলি দুর্ঘটনায় ১৮ বছর বয়সী হেল্পার তানভীর ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি–ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, একটি ইটভাটার চারটি ট্রলি একসঙ্গে ইট নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রলিতে থাকা হেল্পার তানভীর ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং ইট সরিয়ে তাকে বের করে আনে। পরে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পলাতক রয়েছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত ওজনবাহী যান চলাচল ও বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করছেন।