রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি পরে নিলামের মাধ্যমে বিক্রি হয়ে ঢাকার এক শিল্পপতির কাছে পৌঁছেছে ৮৬ হাজার ৭০০ টাকায়।
শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়া একতা মৎস্য আড়তে মাছ দুটি বিক্রির জন্য আনা হলে ক্রেতাদের ব্যাপক আগ্রহে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দৌলতদিয়া ইউনিয়নের জেলে বাবু সরদার এবং পাবনার ঢালারচর এলাকার জেলে জামাল প্রামানিক পৃথকভাবে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোরে জাল তোলার সময় বাবু সরদারের জালে ১৭ কেজি এবং জামাল প্রামানিকের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ ধরা পড়ে।
নিলামে ২৫ কেজি ৫০০ গ্রামের কাতলটি কেজিপ্রতি ২ হাজার ১০০ টাকা দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় এবং ১৭ কেজির কাতলটি কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা দরে ২৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। মোট ৮২ হাজার ৪৫০ টাকায় মাছ দুটি ক্রয় করেন চান্দু মোল্লা।
তিনি জানান, মাছ দুটি কেনার পর ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করলে ঢাকার গুলশান এলাকার এক শিল্পপতি আগ্রহ প্রকাশ করেন। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভসহ মোট ৮৬ হাজার ৭০০ টাকায় মাছ দুটি বিশেষ ব্যবস্থায় তার কাছে পাঠানো হয়।
জেলে বাবু সরদার বলেন, বর্তমানে পদ্মা-যমুনা নদীতে বড় মাছ ধরা পড়ছে, তবে জ্বালানি তেলের সংকটে ট্রলার চালাতে সমস্যা হচ্ছে। নিয়মিত জাল ফেলতে পারলে আরও বেশি মাছ পাওয়া যেত।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট জানান, এ এলাকায় বড় মাছ ধরা পড়া নিয়মিত ঘটনা। নদীতে অভয়াশ্রম গড়ে তোলা গেলে মাছের বংশবিস্তার ও উৎপাদন বাড়বে।