কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি, উপজেলা পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামের। আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল সোমবার ওই গ্রামের আখের আলী (৫৫) নামের এক বৃদ্ধকে তার পুত্রবধূ সকালে ঘুম থেকে উঠে ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। তবে গভীর রাতে তিনি মারা যান বলে অভিজ্ঞমহল মনে করেন।
এলাকাবাসী জানান, আখের আলী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে তাঁর আচরণ অস্বাভাবিক ছিল এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে তার স্ত্রী আগেই এলাকাবাসীকে জানিয়েছেন।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।