
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৯:১

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে এক তরুণ মুখ—আসাদুজ্জামান আসিফ। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে।
রাজনৈতিক জীবনে তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতা তাকে দলের ভেতরে সুপরিচিত করে তুলেছে।
ছাত্ররাজনীতিতেও তার ছিল উজ্জ্বল পদচারণা। তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতা তাকে সংগঠনের বিভিন্ন স্তরে দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে সহায়তা করেছে।
বর্তমানে তিনি যুবদলের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তরুণদের সংগঠিত করা এবং মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির একটি কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ৫ দিনের রিমান্ডসহ মোট ৬১ দিন কারাভোগ করেন, যা তার রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আসিফ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন। এলাকার বিভিন্ন সামাজিক উদ্যোগেও তার উপস্থিতি লক্ষ্য করা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
তিনি হালুয়াঘাট পৌর শহরকে একটি আধুনিক, বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। তার এই পরিকল্পনা ইতোমধ্যেই ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এলাকাবাসীর মতে, তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখছে। ইতোমধ্যে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাওয়ার কার্যক্রমও শুরু করেছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, হালুয়াঘাট পৌর নির্বাচনে তার অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং নির্বাচনী পরিবেশে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলবে।