কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা পালানোর চেষ্টা করে।
এসময় আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—সাবরাং ইউনিয়নের করাচিপাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে মো. জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার আব্দুল আলমের ছেলে সোহেল (১৮)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।