জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলায় দুইটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাসেল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরে আটক রাসেল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা একই উপজেলার ফরকারাবাদ গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মোট ওজন প্রায় ২৫ কেজি ৬৭০ গ্রাম। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৭২ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মূর্তিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।