নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার ব্যবহার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় আরও একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।