প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতায় তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আহত তিনজন হলেন পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২), বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে।