রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় জান্নাতুল ফেরদৌস জিম (১৭) নামে একজন কলেজ শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত জিম উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বর্তমান সৌদি আরব প্রবাসী মোঃ জসিমের মেয়ে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জিম চলতি বছরে রাজবাড়ী মহিলা কলেজ হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে সে পরীক্ষায় পাস করার নিশ্চয়তা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসে। এ ব্যাপারে তার মন খুবই খারাপ থাকায় বাড়ির কারোর সাথে তেমন কথা বলতেন না। এমতাবস্থায় গত ১৭ নভেম্বর দিবাগত রাত ১২ টার দিকে রাতের খাবার খেয়ে তার ছোট বোন সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া জিতু'র সাথে তাদের মায়ের পাশের রুমে ঘুমাতে যান। ওই রাতেই আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে মৃতের ছোট বোনের প্রাকৃতিক ডাকে সাড়া দিলে পাশে বিছানায় হাত দিয়ে তাকে দেখতে না পেয়ে পাশের রুমে তার মা শামীমা আক্তার কে ডাক দিলে তার মা বোন জীমকে ডাকতে বললে প্রতি উত্তরে জিতু বলে জিমকে ঘরে পাওয়া যাচ্ছে না।
তাৎক্ষণিক তার মা তাদের ঘরে এসে লাইট জ্বালিয়ে দেখেন জিম গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে নিচে নামিয়ে দেখেন মারা গেছে। পরে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে থানা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম ও এসআই শিহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করে।
এ ব্যাপারে মৃতের মা মোছাম্মদ শামীমা আক্তার জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।