
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ওলামা লীগ, কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত মোট তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পানছড়ি ওলামা লীগের আহ্বায়ক মো. ইসমাইল বীন ইউছুফ, মাটিরাঙ্গা বেলছড়ি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর মিয়া এবং লক্ষীছড়ি কৃষক লীগের সহ-সভাপতি ফরিদ গাজী।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলোতে গ্রেফতার দেখানো হয়েছে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ অভিযান জোরদার করেছে এবং একাধিক মামলার তদন্তের অংশ হিসেবে এসব গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, গ্রেফতারকৃতদের অধিকাংশের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং সরকারি সম্পত্তির ক্ষতির অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা তদন্তের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলায় মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সহিংসতা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযানের প্রশংসা করলেও নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার আহ্বান জানান।