
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নবারুণ পাঠাগার ও ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শনিবার রাত সাড়ে আটটায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি শ্রী সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি মো. হাসান চৌধুরী মধু মাষ্টার, উপদেষ্টা আব্দুর রহিম চৌধুরী বাবুল, ক্রীড়া সম্পাদক এনামুল হক বক্তব্য দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন রাসেল, হিলি ইমিগ্রেশন ওসি মো. আরিফ হোসেন, সদস্য আব্দুল মতিন মন্ডল, কুঠির দাসসহ আরও অনেকে। বক্তারা ক্লাবের অতীত গৌরব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আসিফ ও সিদ্দান, রানার্সআপ হয়েছেন রাজুর দল। কেরাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মেহেদী ও রাইহান, রানার্সআপ হয়েছেন রানার দল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবারুণ পাঠাগার ও ক্লাব দীর্ঘ ৫১ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে কাজ করছে। ভবিষ্যতেও ক্লাবের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিরা ক্লাবের আরও উন্নতি ও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।