
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০:৪২

জামালপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর মোমেনশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুফতি জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মুফতি সালেহ আহমাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ইসলামী যুব আন্দোলনের ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের যুব সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে।

সম্মেলনের আলোচনায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা শাখার ইসলামী যুব আন্দোলন আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।
সম্মেলনের শেষ পর্বে নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মুফতি হুমায়ুন কবির, সহ-সভাপতি হিসেবে মুহা. আশেক মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি হামিদুল ইসলাম নির্বাচিত হন।
নেতৃবৃন্দ বলেন, এই কমিটি ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কাজ করবে। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।