
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৪

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাতারাতি নোমান ও মুন্না দুই ভাইয়ের খামারে প্রায় ১২০০ পোল্ট্রি মুরগি নিধন করেছে দুর্বৃত্তরা। এই খামারটিই ছিল তাদের একমাত্র আয়ের উৎস। একরাতে মুরগিগুলো নিধন হওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাকিমপুর হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। সকালে খামারের শ্রমিকরা এসে দেখতে পান, প্রায় সব মুরগি মরে পড়ে আছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খামারের শ্রমিকরা জানান, রাত ১২টা পর্যন্ত মুরগিগুলো সুস্থ ছিল। নিয়মিত খাদ্য ও পানি দেওয়া হয়েছিল। সকালে এসে দেখতে পান, প্রায় সব মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা দ্রুত খামারের মালিকদের খবর দেন।
এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন, "নোমান ও মুন্না দীর্ঘদিন ধরে এই খামার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কারা এমন নৃশংস কাজ করল, তা খুঁজে বের করা দরকার। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।"

খামার মালিক মুন্না জানান, রাত ৮টার সময় খামারের সব মুরগি সুস্থ ছিল। সকালে এসে দেখতে পান, খামারের বেশ কয়েকটি পর্দা উঠানো এবং সেখানে বিষের গন্ধ পাওয়া গেছে। তার ধারণা, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মুরগিগুলো নিধন করেছে। তিনি দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, "মৃত মুরগিগুলোর পোস্টমর্টেম করা হয়েছে, তবে কোনো রোগের আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে নমুনা ঢাকায় পাঠানো হবে।"
এ ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামার মালিকসহ এলাকাবাসী।