
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬

টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের অভিযানে এক জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আটক ব্যক্তিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কুঠিবয়ড়া গ্রামের মামুন, কাগমারীপাড়া গ্রামের মানিক, নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া, ঘাটান্দী গ্রামের খন্দকার রুবেল, বরকপুর গ্রামের শিপন, কুকাদাইর গ্রামের আল আমিন, গোবিন্দাসী গ্রামের লতিফ, ডিগ্রি চর গ্রামের শহিদুল ইসলাম, গোপালপুর উপজেলার গোলাপ এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আশরাফুল ইসলাম।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাসস্ট্যান্ড চত্বরে জুয়ার আসর বসেছে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে।
তিনি আরও জানান, অভিযানের সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় জুয়া খেলার আসর চলছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের কঠোর নজরদারির কারণে এসব অপরাধ কমে এসেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধে অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গ্রেপ্তারকৃতদের কয়েকজনের পরিবার দাবি করেছে, তারা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও জুয়ার সাথে সরাসরি জড়িত ছিলেন না। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জুয়া ও মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে স্থানীয় প্রশাসন। জনসাধারণকে সচেতন হয়ে এসব অপরাধ রোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।