
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ২২:২৩

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডিগ্রীরচর এলাকায় সাপের কামড়ে রহিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষিজীবী জাহাঙ্গীর ঘরামীর স্ত্রী। তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননীও ছিলেন।
মৃত রহিমা বেগমের বড় ছেলে মোঃ ইব্রাহীম ঘরামী জানান, ২৫ জুন মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করে ঘর ঝাড়ু দিচ্ছিলেন তার মা। ঘর ঝাড়ু দেয়ার সময় মেঝেতে একটি ছোট গর্ত দেখতে পেয়ে পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে গর্তটি ভরাট করার চেষ্টা করেন। কিন্তু আঙ্গুল গর্তে ঢুকে গেলে ভিতর থেকে একটা কিছুতে তার আঙ্গুলে আঘাত করেছে বলে চিৎকার করলে সবাই ছুটে আসেন।
তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সকাল সোয়া ৮ টায় হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাজেদুল হক কাওছার জানান, সকালে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা রোগীর পথেই মৃত্যু হয়েছে। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে এবং হাসপাতালের সাপে কাটা রোগীর রেজিস্ট্রারে তার নাম এন্ট্রি করা হয়েছে।

তিনি আরও জানান, সাপে কাটা রোগীকে ৯০ থেকে ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে হবে। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনাম আছে কি না জানতে চাইলে তিনি জানান, ২০ টির বরাদ্দ হলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো একটিও পৌঁছেনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
