
২০২৪-২৫ বাজেটে সর্বোচ্চ করহার ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে ধনী ও বিত্তশালীদের আয়করের পরিমাণ বাড়তে যাচ্ছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে করমুক্ত আয়সীমা।বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশকালে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ব্যক্তিকরের ক্ষেত্রে প্রথম সাড়ে ৩ লাখ টাকা আয় থাকবে করমুক্ত। পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকায় ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ আয়কর দিতে হবে। এরপর পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ আয়কর দিতে হবে।
এ বাজেটে এ তালিকায় নতুন এক স্ল্যাব যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে পরবর্তী ২০ লাখ টাকায় ২৫ শতাংশ এবং বাকি আয়ের ওপর ৩০ শতাংশ আয়কর দেয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৪ লাখ ৭৫ হাজার টাকা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৫ লাখ টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বেশি হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন। তবে বাংলাদেশে অনিবাসী (অনিবাসী বাংলাদেশি ব্যতীত) এইরূপ সব করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না বলে জানানো হয়।