
প্রকাশ: ৬ জুন ২০২৪, ২৩:১৯

নতুন বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ২ লাখ বাড়িয়ে ৬০ লাখ ১ হাজার জনে উন্নীত করা হবে। এ বাবদ ৪ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা বিদ্যমান ২৫ লাখ ৭৫ হাজার জন থেকে বাড়িয়ে ২৭ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা ছিল।’
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য নিরসন নিয়ে তিনি বলেন, সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ১১৫টি সামাজিক সুরক্ষা কার্যক্রমের ৩৪টি ক্যাশভিত্তিক কর্মসূচির মধ্যে ১৯টি কর্মসূচির অর্থ ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

মা ও শিশু সহায়তা কার্যক্রমের বিষয়ে আবুল হাসান বলেন, ‘মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৮০০ জন হতে ১৬ লাখ ৫৫ হাজার ২৮০ জনে উন্নীতকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০২১-২২ অর্থবছরে ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। এরইমধ্যে ১১ হাজার ৫৭টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে।