
প্রকাশ: ২২ মে ২০২৪, ১৮:৪৪

প্রশাসনের কড়া নজরদারি আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং নিরপেক্ষভাবে শেষ হয়েছে বরিশালের হিজলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ । মঙ্গলবার ২১মে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় উপজেলার ৬টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬ শত ২১ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৮ হাজার ২ শত ৪২ জন। মহিলা ভোটার সংখ্যা ৬৩ হাজার ৩ শত ৭৮ জন । আর ১ জন ভোটার রয়েছেন হিজড়া।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিটি ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের তুলনায় একটু বেশি দেখা গিয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণায় ঘোড়া প্রতীক নিয়ে আলতাফ মাহমুদ দিপু ২৫ হাজার ২ শত ৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীক নিয়ে মোঃ নজরুল ইসলাম রাজু ঢালী পেয়েছেন ২২ হাজার ৬ শত ৬২ ভোট । চশমা প্রতীক নিয়ে মোঃ সাইদুল ইসলাম মাহিম ১৫ হাজার ৭ শত ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীক নিয়ে কাজী মোঃ কামরুজ্জামান সাইলু পেয়েছেন ৯ হাজার ৪ শত ৯৮ ভোট।

কলস প্রতীক নিয়ে মোসাঃ সেলিনা ইসলাম তুহিন ৩২ হাজার ৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মোসাঃ নাজমা বেগম পেয়েছেন ১৬ হাজার ৩ শত ৯১ ভোট । হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। যান্ত্রিক ত্রুটির কারণে ফলাফল ঘোষণায় নির্ধারিত সময়ের চেয়ে একটু সময় বেশি অতিবাহিত হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি