
প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৭:৪৬

নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম জিন্নাতুজ্জামান চঞ্চল (১৬)। গাংনী উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে চঞ্চল। সে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে। তার ফলাফল ছিল জিপিএ-৪ দশমিক ৩৩।
প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চলসহ ৬ জন যাত্রী একটি ইজিবাইকে করে ধলা মোড় থেকে গাংনীর দিকে আসছিলেন। ইজিবাইকটি ভাটপাড়া ডিসি ইকোপার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে আহত হয় জিন্নাতুজ্জামান চঞ্চল। ইজিবাইকের যাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া ইয়াসমীন পাপড়ি তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রাকিবুজ্জামান জানান, রোববার ছেলে এসএসসি পাস করেছে। সোমবার তার নানাবাড়ি ধলা গ্রামে মিষ্টি দিতে গিয়েছিল।নিহত চঞ্চলের বন্ধু আলিফ বলে, ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী আসছিলাম। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে ইজিবাইকের চার যাত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।