
প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ১৯:৫৬

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান জয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৫২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী আনারস প্রতীকে ৪৭১ ভোট পেয়েছেন।
জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী আনারস প্রতীক নিয়ে প্রার্থী হন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৫৬ ভোট বেশি পেয়ে তাকে পরাজিত করেন।
উপ-নির্বাচনে জেলার ৯ উপজেলায় মোট ১ হাজার ১৩ জন ভোটার ছিলেন। তার মধ্যে ১ হাজার ৬ জন ভোটার ভোট দেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটা গ্রহণ সম্পন্ন হয়।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাজ উদ্দিন বলেন, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯টি ভোট কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আ ন ম ওবাইদুর রহমান মোটরসাইকেল প্রতীকে ৫২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
