
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২:২৮

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষক সমিতি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আফসার আলীর সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল আব্দুছ ছোবহান, আব্দুর রউফ তালুকদার, নূরুল হুদা, আতিকুর রহমান, শরিফুল ইসলাম, নূরুন্নবী, মাহবুব আলম, মাজহারুল ইসলাম প্রমুখ। পরে মানববন্ধনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম।

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামে পাওনা টাকার জেরে জাহানারা ওরফে জয়নব বেগম ও তার স্বামীসহ কয়েকজন মিলে শিক্ষক আব্দুল হককে খুন করে নিজ বাড়ির নিজ ঘরের সামনে পুঁতে রাখেন। এরপর পরেরদিন শুক্রবার জাহানারার বাড়ি বালুর নিচ থেকে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ওইরাতেই শিক্ষককের স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে মামলা করেন। আসামীরা হলেন, জাহানারা ওরফে জয়নব বেগম, তার স্বামী আব্দুল বারেক, প্রতিবেশি ছবুর ও জাকির।