
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫১

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করে ইট প্রস্তুতের অপরাধে এ এসবি বিক্স এর মালিক মোঃ শহীদুল ইসলামের তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ। পাশাপাশি ভাটার অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ কাঁচা ইট নষ্ট করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেনের নির্দেশে ঢাকা সদর দপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী এ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁঠালিয়া উপজেলার রঘুয়ার দড়িরচর এলাকার ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম তার তিনটি ভাটায় সরকার নিষিদ্ধ ড্রাম চিমনি দিয়ে ইট প্রস্তুত করছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট এবং কিলন ও চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভাটার মালিক মোঃ শহীদুল ইসলাম জানান, অভিযানে তার প্রায় কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।