
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩৬

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরে আনা হলো বাংলাদেশের চায়না বেগম নামের এক নারীর তিনটি ছাগলকে।পরে বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে হস্তান্তর করেন মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগল গুলো বুঝিয়ে দেন।
ছাগলের মালিক চায়না বেগম ধরন্দা এলাকার বাসিন্দা তিনি বলেন, ছাগল তিনটি গতকাল খাবারের খোঁজে বাসা থেকে বের হয়ে যায়, পরে অনেক খোঁজা খুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করলে তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগল গুলো ফিরে এনে দেয়।ছাগল গুলো পেয়ে আমি অনেক খুশি।

হাকিমপুর হিলি পৌরসভার ১ নং ধরন্দা ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, গতকাল আমাদের এলাকার চায়না বেগম নামের এক মহিলার তিনটি ছাগল ভুলবশত ভারতের মধ্যে চলে যায়। বিষয়টি বিজিবি ক্যাম্পে জানানো হলে আজ ভারতীয় বিএসএফ এর সাথে কথা বলে পতাকা বৈঠকের মধ্যে ফেরত দেয়। এরপর ছাগল তিনটি চায়না বেগম এর হাতে বুঝে দেওয়া হয়।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, এক মহিলার তিনটি ছাগল ভারতে চলে যায় সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজত রাখে আজ তাদের সাথে কথা বলে যোগাযোগের মাধ্যমে ছাগল গুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগল গুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়।