
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ৩:৩২

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ‘নৌকা’র প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি'কে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনকালীন সময়ে ঈদগাহ্ উন্নয়নে নগদ অর্থ প্রদানে অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে।
শনিবার (৩০ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালত, কুমিল্লায় স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে নির্বাচন পূর্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনজনিত বিষয়ে আনীত অভিযোগের জবাবের স্ব-পক্ষে সাক্ষ্য প্রমাণসহ উপস্থিত হতে বলা হয়েছে।
শোকজ চিঠিতে বলা হয়েছে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন গত ২৯ ডিসেম্বর নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রেরিত ভিডিও ফুটেজে দেখা যায়, আপনি ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য দশ লক্ষ টাকার তাৎক্ষণিক অনুদান প্রদান করেন। এছাড়া ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়ে পূনরায় নির্বাচিত করার প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ বিধি-৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।
তবে এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ ইউসুফ হারুনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


ওই আসনের ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, মাছ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, গামছা প্রতীকের প্রার্থী মো. বশির সরকার, গোলাপফুল প্রতীকের প্রার্থী বেনজির আলম অয়নসহ অন্তত ছয়জন প্রার্থী জানান, নৌকার প্রার্থী এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের তার বাড়ীতে ডেকে এনে নগদ টাকা বিতরণ করে আসছেন। এরকম নগদ টাকা বিতরণের এমন একাধিক ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারিদিকে সোরগোল পরে যায়।
মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আবদুস সামাদ শিকদার বলেন, মুরাদনগরে টাকা দিয়ে ভোটারদের ভোটদানে প্রভাবিত করা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। কারও বিরুদ্ধে এমন সুস্পষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, কুমিল্লা-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিষয়টি তদন্ত করার জন্য নির্বাচনী তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে।