
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনির প্রাণ যাচ্ছে। হামলা থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন। অপরদিকে পশ্চিম তীরে নিহত হয়েছেন ৩০৩ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৪৫০ জন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হামসাকে নির্মূল করার অজুহাতে গাজায় দিন-রাত ২৪ ঘণ্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় প্রতিদিনই নারী ও শিশুসহ শত শত নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন।

এদিকে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১০১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই সময়ে অর্ধ-শতাধিক মিডিয়া অফিস পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়ে গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
