
প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১৮:৩৫

বিএনপির ডাকা অবরোধে সাভারের বলিয়াপুরে রিমি পরিবহনের দূরপাল্লার বাসে আগুন দেওয়ার ঘটনায় ২ জন বিএনপির কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। তারা বিএনপির কর্মী বলে জানা গেছে।

অগ্নিসংযোগের বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
