
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০:৫১

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ভ্যান চালক মেহেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন। আজ সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এঘটনায় সকালে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসান ঘটনাস্থলটি পরিদর্শন করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সিংড়া ইউপি চেয়ারম্যান মারফত মোবাইল ফোনে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ এর প্রক্রিয়া চলছে।