
প্রকাশ: ৬ আগস্ট ২০২৩, ১৯:৩০

নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় ভটভটি চালকসহ আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।রোববার ( ৬আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধুইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আরমান আলী (২৫)। তিনি ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।আহতরা হলেন- ভটভটি চালক মোহাম্মদ এনামুল (৩৫) ও সহযোগী মো.মেহেদী হাসান (২৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটি যোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করতে যায় আরমান। সকালে মাছ বিক্রি শেষে ওই ভটভটি করেই আগ্রাদ্বিগুন বাজারে ফিরছিলো তাঁরা। পথে নকুচা-করমজা বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দ্রুত গতির ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান আলী। অন্যদিকে এঘটনায় আহত হন ভটভটি চালক মোহাম্মদ এনামুল ও তাঁর সহযোগী মো. মেহেদী হাসান। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি