
প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১৭:৪০

মাদারীপুরে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মস্তফাপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ মাঠে ফুটবল খেলছিল স্থানীয় যুবকরা। এসময় বড় মেহের এলাকার বাচ্চু খলিফার ছেলে শাওন খলিফার সাথে হাতাহাতির ঘটনা ঘটে পাশের জইয়ার এলাকার নান্নু খানের ছেলে শান্ত খানের সাথে।
এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে শান্ত খান, সুমন বেপারী, তামিম তালুকদারসহ ২০ থেকে ২৫ জন যুবক বাচ্চু খলিফার বসতবাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের বাধা দিলে বাচ্চু খলিফার স্ত্রী সাজেদা বেগমকেও মারধর করা হয়। এসময় হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় তারা।
বাচ্চু বেপারীর ছেলে শাওন খান বলেন, গতকাল ফুটবল খেলার সময়ে আমার আর শান্তর সঙ্গে হাতাহাতি হয়। তবে সেটা সেখানেই মিটমাট হয়ে যায়। বিকেলে আমি মাঠে খেলতে গেলে শান্ত ও তার সহযোগীরা আগে থেকে প্লান করে আমাকে মারধর করে। আমি দৌড়ে পালিয়ে আসলে ওরা আমার বাড়িতে এসে ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। আমি এই ঘটনার বিচার চাই।

বাচ্চু খলিফার স্ত্রী সাজেদা বেগম অভিযোগ করে বলেন, আমাদের ঘরে ঢুকে ওরা জিনিসপত্র ফেলে দেয়। পরে ঘরের আলমারি ভেঙে আমার দুই ছেলের ইতালি যাবার নগদ ১০ লাখ টাকা ও ৪ ভরির মতো সোনার জিনিস নিয়ে যায়। আমি ওদের বাধা দিলে আমাকে রড দিয়ে পিটায়। আমি এ ঘটনার বিচার চাই।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ ব্যাপারে অভিযুক্ত কারোর বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।