
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১৭:৩৪

খরিপ-২ মৌসুমে (২০২৩-২০২৪) প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধান ও নারকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারকেল চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪ জুন শনিবার বিকাল চারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নার্গিস আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি। হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের ৭শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ ও ৫শত জন কৃষকের প্রত্যেককে ৫টি করে মোট ২৫০০টি নারকেল চারা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর পাশাপাশি অর্ধেক ভর্তুকিতে ৯টি পাওয়ার থ্রেসার মেশিন ও কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবিদ হাসান,গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ উপকারভোগী কৃষকগণ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি