
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০:২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চরভূরুঙ্গামারী ইউনিয়নের কয়েকশো কৃষক ইউনিয়নটির মরা সঙ্কোশ নদীর উপর এ মানববন্ধন করেন।
জানাগেছে, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী উপজেলা কার্যালয় চরভূরুঙ্গামারী ইউনিয়নের মরা সঙ্কোশ নদীর ভেল্লিকুড়ি থেকে হুচারবালা ত্রিমোহনী পর্যন্ত ৬ হাজার ৯০০ মিটার এলাকায় ইআইআরপি'র আওতায় প্রায় এক কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ৬টি প্যাকেজে খাল খনন শুরু করেছে। নওগাঁর মেসার্স খান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান পাঁচটি এবং মোসলেম উদ্দিন নামে অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একটি প্যাকেজ বাস্তবায়ন করছে।
মানববন্ধনকারীরা ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে খাল খনন বন্ধের দাবি জানান। এসময় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কৃষক আব্দুল হক, তজিম উদ্দিন ও মমিন মন্ডল সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বিএমডিএ নাগেশ্বরী জোনের সহকারি প্রকৌশলী (চলতি দায়িত্ব) মাহবুব আলম বলেন, কৃষকের জমি খননের প্রশ্নই আসেনা। সরকারি জমি যতটুকু পাওয়া যাবে ততটুকুই খনন করা হবে। তবে অনেকেই সরকারি জমিকে নিজের জমি দাবি করে ভোগ দখল করে আসছেন। তারাই এসব অভিযোগ তুলেছেন।
